স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে বিশ্ব ব্যাংক সহায়তা দেবে
দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও এগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিশ্বব্যাংক ব্যাপক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
রোববার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের সাথে বিশ্বব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফুল সি. প্যাটেলের মত বিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।
উপস্থিত ছিলেন পৌরসভা সমিতির সভাপতি ও টঙ্গী পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ, মহাসচিব শামীম আল রাজী এবং ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মীর এনায়েত হোসেন এবং মহাসচিব আবুল হারিস সিকদারসহ বেশ কয়েকজন পৌর ও ইউপি চেয়ারম্যান।
বিশ্বব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফুল সি. প্যাটেল চেয়ারম্যানদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দেন।
এছাড়া সভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা আই ওয়ালিক, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক শরফুল আলম, এলজিইডির প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খোরশেদ আলমসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যানরা সরাসরি বরাদ্দ বৃদ্ধি, স্টাফ ও যানবাহন সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, ইউপি কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন দপ্তরের কর্মচারিদের সাথে কাজের সমন্বয় বিধানের দাবি জানান।
পৌরসভা চেয়ারম্যানরা দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, আয় বৃদ্ধির লক্ষ্যে পৌর মার্কেট ও বাস টার্মিনাল নির্মাণ, স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, আধুনিক কসাইখানা নির্মাণসহ বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নের আহ্বান জানান।
সভায় বিশ্বব্যাংক থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সরাসরি অনুদান প্রদানেরও দাবি জানান চেয়ারম্যানরা।
