২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগষ্টে হরতাল, জনসভা ও সন্ত্রাস বিরোধী র‌্যালিসহ আ.লীগের মাসব্যাপী কর্মসূচি

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আগষ্টে হরতাল, জনসভা ও সন্ত্রাস বিরোধী র‌্যালিসহ মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে: বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ, ২১ আগষ্টের শহীদদের স্মরণে স্মৃতি ফলক উদ্বোধন, প্রতীক অনশন, শোক র‌্যালি, মানব বন্ধন, আলোচনা সভা ইত্যাদি।

দলীয় সূত্র জানিয়েছে, ১ আগষ্ট থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, মানব বন্ধন, প্রদীপ বন্ধন, রক্তদান, প্রতীক অনশন, গণ সঙ্গীত ও পুঁথি পাঠের আসর ও আলোচনা সভার আয়োজন করবে।

১৪ আগষ্ট বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর আলোকচিত্র ও বই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

১৫ আগষ্ট বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল পর্যায়ের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের প্রতিবাদে ওই দিন সারাদেশে সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করা হবে।

বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদন, জিয়ারত ও মোনাজাত, বনানি কবরস্থানে ১৫ আগষ্টের শহীদদের মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদন, জিয়ারত, মিলাদ মাহফিল ও মোনাজাত।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে ১৬ আগষ্ট টুঙ্গিপাড়া যাবেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ১৬ আগষ্ট ঢাকায় আলোচনা সভা এবং ১৭ থেকে ১৯ আগষ্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে।

২১ আগষ্টের গণহত্যা স্মরণে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ২০ আগষ্ট শহীদ স্মৃতি ফলক উদ্বোধন করবেন।

২১ আগষ্ট বিকেল ৫ টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে রাজনৈতিক সন্ত্রাস বিরোধী মিছিল। এটি বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে আলোক প্রজ্বলন এবং সন্ত্রাস বিরোধী শপথের মাধ্যমে শেষ হবে। একই দিন সারা দেশে অনুরূপ কর্মসূচি পালিত হবে।

২২ থেকে ২৮ আগষ্ট পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এছাড়া ২৯ আগষ্ট আওয়ামী লীগ ঢাকায় জনসভার আয়োজন করবে।