২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার ছাত্রদল ও ছাত্রলীগ দু গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 10:50 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ফলিত পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে দুপুর ১২ টায় এ সংঘর্ষ বাধে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিভাগের একদল শিক্ষকের সহায়তায় অনার্স ফাইনাল পরীক্ষার ৪০৬ নম্বর কোর্সের প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্নপত্রের কপি উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলামের কাছে ডাকে পাঠানো হলে তিনি ওই কপির সাথে মূল কপির মিল পান। পরে পরীক্ষা স্থগিত করা হয়।

ছাত্রলীগ এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে সমাবেশ করে এবং পরীক্ষা কমিটির দোষী সদস্যদের শাস্তি দাবি করে। বিজ্ঞান অনুষদের সামনে তাদের সমাবেশ শেষ হওয়া মাত্রই ছাত্রদল তাদের ওপর হামলা চালায়। ফলে উভয় দল সংঘর্ষে লিপ্ত হয়।

সে সময় ছাত্রলীগের দুজন কর্মী আহত হয়। পরে ছাত্রলীগ সংগঠিত হয়ে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় ছাত্রদল কর্মীরা আবারও তাদের ওপর গুলি চালায় এবং লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এ সময় উভয় দলের কর্মীরা আহত হয়।

গুরুতর আহতরা হচ্ছে, ছাত্রলীগের সভাপতি শাহানুর আলম কেরামত, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নুর মোহাম্মদ লিটু, শামীমুর রহমান, আশরাফ, বিশ্বজিত। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম এ ঘটনা তদন্তে অধ্যাপক মাখলুকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।