ইপিজেডে ট্রেড ইউনিয়ন ও সিবিএ অধিকারের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক মঞ্চ
গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ শনিবার দেশের ইপিজেডসমূহে গণতান্ত্রিক শ্রমিক আইন চালুসহ ট্রেড ইউনিয়ন ও সিবিএ অধিকারের দাবি জানিয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবিসমূহ মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দেয়। তারা ঢাকা ইপিজেডের রিং সাইন গার্মেন্টসের গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দেয়ারও দাবি জানায়।
নগরীর আসাদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। রিং সাইন গার্মেন্টসে চলমান শ্রমিক অসন্তোষের ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের অবস্থান ব্যাখ্যা করতে তারা এ সম্মেলন আয়োজন করে।
গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ’র সমন্বয়ক আবুল হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, কর্মস্থানে ট্রেড ইউনিয়ন গঠন করা অন্যতম মানবাধিকার। ১৯৮০ সালের ইপিজেড অর্ডিন্যান্স অনুযায়ী ইপিজেডগুলোতে ফ্যাক্টরি আইন ১৯৬৫, শ্রমিক নিয়োগ আইন ১৯৬৫ এবং শিল্প আইন ১৯৬৯ স্থগিত থাকায় ট্রেড ইউনিয়ন গঠন সংক্রান্ত মানবাধিকার লংঘিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম সবুজ, মোহাম্মদ হোসেন মোল্লা, আফজাল হোসেন ব্যাপারি, রহিমা বেগম ও বাহারনী সুলতান বাহারসহ গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের অন্যন্য নেতা উপস্থিত ছিলেন।
