বিশ্বাসঘাতক জিয়া ক্ষমতা দখল ও সাম্প্রদায়িকতা পুনর্বহাল করতে নিজ জীবন রক্ষাকারী কর্নেল তাহেরকে হত্যা করেন: ইনু
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, রাজনৈতিক অপরাধী’ আখ্যায়িত করে বলেছেন, ক্ষমতা দখল করে তা নিরঙ্কুশ এবং রাষ্ট্র রাজনীতিতে সাম্প্রদায়িকতাকে পুনর্বহাল করতেই তিনি নিজের জীবন রক্ষাকারী কর্নেল তাহেরকে হত্যা করেন। আর এর মাধ্যমে দেশকে মুক্তিযুদ্ধ বিরোধী ধারায় ঠেলে দিয়ে জিয়া গোটা জাতির সাথেই মীরজাফরী করেছেন।
কর্নেল তাহের দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে জাসদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, জিয়া-এরশাদ-খালেদা-নিজামী দেশের রাজনীতি-অর্থনীতিতে যে গভীর ক্ষত সৃষ্টি করেছেন, তা থেকে জাতিকে মুক্ত করতে জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নেই। কর্নেল তাহেরের এ স্বপ্ন বাস্তবায়নে ন্যূনতম জাতীয় কর্মসূচির ভিত্তিতে জাতীয় সরকার গঠনের চলমান আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান তিনি।
কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদ সভাপতি মীর হোসাইন আখতার।
আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টি সম্পাদক বিমল বিশ্বাস, সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, শিরীন আখতার, ইকবাল হোসেন খান, মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাবিলদার আব্দুল বারেক, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, রোকনুজ্জামান রোকন, করিম সিকদার ও শরিফুল কবির স্বপন।
তাহের সংসদের সেমিনার
তাহের দিবস উপলক্ষ্যে কর্নেল তাহের সংসদ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সেমিনার আয়োজন করে। সংগঠনের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ছাড়াও আলোচনায় অংশ নেন সিপিবি সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান, কর্নেল তাহেরের ভাই অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আকমল হোসেন এবং সংগঠনের সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু।
‘গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা: কর্নেল তাহেরের রাজনীতি’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মুশতাক হোসেন।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে জাসদ সমর্থিত ছাত্রলীগ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে।
