২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ উপনির্বাচনের প্রার্থীদের আয়ের উৎস জানতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের নির্দেশ

নির্বাচন কমিশন কেন সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আয়ের উৎস জানাতে নির্দেশ দেয়নি তা জানতে চেয়ে হাইকোর্ট সোমবার কমিশনের প্রতি কারণ দর্শানো নোটিশ দিয়ে একটি রুল জারি করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

একই সাথে নির্বাচন কমিশন হাইকোর্টের আগের দেয়া আট দফা নির্দেশনা কেন যথাযথভাবে বাস্তবায়ন করেনি তা জানতে চেয়েও কমিশনকে একটি কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন হাইকোর্ট বেঞ্চ।

আট দফা নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে গণ প্রতিনিধিত্ব আদেশের একটি কাঠামো গঠন না করার ইস্যুতেও হাইকোর্ট কমিশনকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের দেয়া আট দফা নির্দেশনা বাস্তবায়ন না করার বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক নামে একটি সংগঠনের ড. বদিউল আলম মজুমদার ও সৈয়দ আবুল মকসুদসহ পাঁচ ব্যক্তির জনস্বার্থে দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।

পিটিশনে নির্বাচন কমিশন (ইসি), প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার (আরও) ও নয় প্রার্থীকে অভিযুক্ত করা হয়।

হাইকোর্ট গত ২৪ মে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে তাদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে থাকলে তা এবং আয়ের উৎস জানাতে বাধ্য করতে সরকার, নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেন।

আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন ড. এম জহির। অপরদিকে সরকার পক্ষে অবস্থান নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান।