জনগণ সংস্কার প্রস্তাব মানতে সরকারকে বাধ্য করবে : আমেরিকা যাত্রার প্রাক্কালে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে ১৪ দল উত্থাপিত প্রস্তাবনা মানতে সরকার বাধ্য হবে।
তিনি বলেন, দেশ রক্ষার জন্যই এ সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তাই দেশের জনগণ অতীতের মতো এবারও সরকারকে এ প্রস্তাব মানতে বাধ্য করবে।
শনিবার সকালে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা এ কথা বলেন।
সরকারি দলের আহ্বানে সাড়া দিয়ে সংসদে গিয়ে এ প্রস্তাবনা দেওয়া হবে কিনা-- এ প্রশ্নের জবাব এড়িয়ে বিরোধী দলীয় নেতা বলেন, দাবি বাস্তবায়নে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ বসে আন্দোলন কর্মসূচি দেবে। উত্থাপিত অভিন্ন রূপরেখা বাস্তবায়নে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনে জনগণের প্রতি আহ্বান জানান।
বিরোধী দলগুলোর সংস্কার প্রস্তাব সম্পর্কে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দেশে কি তারা যুদ্ধ বাধাতে চায়’?
দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি জামাত জোট জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে দেশের মানুষের প্রতি তাদের খেয়াল নেই। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের নাভি:শ্বাস উঠেছে। আর তারা দুর্নীতি লুটপাট করে টাকা কামাচ্ছে। র্যাব দিয়ে তাদের কালো টাকা রক্ষার চেষ্টা করছে।
শেখ হাসিনা জনগণের শক্তিকে মূল শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের শক্তি কী তা বিএনপি ‘৯৬ তে বুঝেছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য হয়েছিল। জনতার ঐক্যবদ্ধ আন্দোলন যখন গড়ে উঠবে, জনগণ যখন জেগে উঠবে সরকার তখন বুঝবে জনগণের শক্তি কী।
আওয়ামী লীগ সভানেত্রী সকাল সোয়া ৮ টায় ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি ফ্লাইটযোগে আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পথে তিনি লণ্ডনে যাত্রা বিরতি করবেন।
গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্য তিনি আমেরিকা যাচ্ছেন। দু’সপ্তাহের সফর শেষে ৩০ জুলাই তার দেশে ফেরার কথা।
শেখ হাসিনাকে বিদায় জানাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম এমপি, বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ এ্যাডভোকেট, চিফ হুইপ আব্দুস শহিদ, মোহাম্মদ নাসিম এমপি, ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
