২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতেই সংস্কার প্রস্তাব দিয়েছি: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতেই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দিয়েছি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শুক্রবার বিকেলে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অপব্যবহার করে এর অপমৃত্যু ঘটানো হয়েছে। তাই জনগণ যেন তাদের ভোটের অধিকার পায়, কেউ যেন আর ঘোষণা দিয়ে ফলাফল ছিনিয়ে নিতে না পারে, সেজন্যই এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

হবিগঞ্জ ও নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ শেখ হাসিনার সঙ্গে তার ধানম-ির কার্যালয়ে সাক্ষাত করতে এলে তাদের সাথে মত বিনিময করেন শেখ হাসিনা।

হবিগঞ্জ বারের সভাপতি ফজলে আলী ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক চৌধুরী এবং নোয়াখালী বারের সভাপতি চিত্তরঞ্জন রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক একেম মহিবুল্লাহ্ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এসময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ভোট পাবেনা জেনে আগামী নির্বাচনে কারচুপি করতে ও আওয়ামী লীগ নিধনের জন্যই র‌্যাবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে বসে বিরোধী দলকে শুধু গালাগালি করছেন। দেশকে তারা সর্বনাশের শেষ সীমায় নিয়ে গেছে। জনগণ আর জোট দুঃশাসনের জ্বালাতন সহ্য করতে পারছে না। তারা তাকিয়ে আছে মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক শক্তির দিকে। যারা দেশের মানুষকে সত্যিকার অর্থে অর্থনৈতিক মুক্তি দিতে পারবে।