আ. লীগের অনুপস্থিতিতেই বাজেট অধিবেশন শেষ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অনুপস্থিতিতেই অষ্টম জাতীয় সংসদের ১৭তম (বাজেট) অধিবেশন রোববার সন্ধ্যায় শেষ হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে দুটি বিল পাস হয়।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ‘কর ন্যায়পাল বিল, ২০০৫’ উত্থাপন করলে আলোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। নৌ পরিবহন মন্ত্রী লে. কর্ণেল (অব:) আকবর হোসেন বিদেশী জাহাজকে আরও দুই বছরের জন্য সুবিধা দিতে ‘দি ফ্ল্যাগ ভ্যাসেলস (প্রোটেকশন) (সংশোধনী) বিল, ২০০৫’ উত্থাপন করলে, সেটিও সংসদে পাস হয়।
সমাপনি দিনে বিল পাস ছাড়াও প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদ এবং কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বক্তব্য রাখেন।
সংসদের ১৭তম অধিবেশন শুরু হয় ৭ জুন। কার্য উপদেষ্টা কমিটিতে এ অধিবেশনের কার্যকাল ২৩ দিন নির্ধারিত হলেও অধিবেশন চলে ২২ দিন। ৩০ জুন বাজেট পাসের পর প্রধানমন্ত্রী ও চীফ হুইপের অনুরোধে স্পিকার বিরতি দুই দিনের পরিবর্তে তিনদিন দিলে একটি কার্যদিবস কমে যায়।
বাজেট অধিবেশন হিসেবে পরিচিত এ অধিবেশনে ৯ জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ২০০৫ - ০৬ অর্থবছরের জন্য ৬৪ হাজার ৩৮৩ কোটি টাকার বাজেট পেশ করেন। ১২ জুন থেকে সংসদে ২০০৪ - ০৫ সালের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। ১৪ জুন সংসদে সম্পূরক বাজেট পাস হয়। ১৫ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়। নয়টি কার্যদিবসে বিস্তারিত আলোচনা শেষে ২৯ জুন অর্থবিল ও ৩০ জুলাই নির্দিষ্টকরণ বিল পাস হয়।
বাজেটের ওপর ২৯ ঘন্টা ৫৪ মিনিট এবং সম্পুরক বাজেটের ওপর ৫ ঘন্টা ১৭ মিনিট আলোচনা হয়। মোট ৩৫ ঘন্টা ১১ মিনিটের মধ্যে বিএনপির ৬৮ জন সদস্য ২২ ঘন্টা ১২ মিনিট, জামায়াতের ১১ জন সদস্য তিন ঘন্টা ১২ মিনিট, জাতীয় পার্টির তিনটি গ্র“পের ১১ জন সদস্য মোট তিন ঘন্টা ২৯ মিনিট, ইসলামী ঐক্যজোটের একজন সদস্য ১৬ মিনিট এবং কৃষক শ্রমিক জনতা লীগের একজন সদস্য ৩৫ মিনিট বক্তব্য রাখেন।
অধিবেশনে যোগ না দিলেও বাজেট পাসের দিন প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা সংসদ ভবনে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এই অধিবেশনে ৭১ বিধিতে পাঁচটি নোটিশের নিষ্পত্তি, ৭১টি বাতিল নোটিশের ওপর দুই মিনিট করে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ১৮টি ও মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে ৬৮১টি প্রশ্নের জবাব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর জন্য ৬৩টি ও মন্ত্রীদের জন্য মোট ১৪৫১টি প্রশ্ন জমা পড়েছিল।
