২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের সক্রিয়তার ওপর নির্ভর করছে বাজেটের চূড়ান্ত সফলতা: স্পীকার

স্পীকার ব্যারিস্টার জমির উদ্দির সরকার বলেছেন, সাংসদদের সক্রিয় তত্ত্বাবধানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের ওপর নির্ভর করছে বাজেটের চূড়ান্ত সফলতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

রোববার সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, সাংসদরা নিজ নিজ এলাকায় এ সমস্ত উন্নয়ন প্রকল্প নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। এর লক্ষ্য হবে, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

তিনি বলেন, সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রেখেছি। প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ অন্য সংসদ সদস্যদের আনুপাতিক হারে বেশি সময় বক্তৃতা করার সুযোগ দিয়েছি। তারা নিজেদের কাছে আন্তরিকভাবে জিজ্ঞাসা করে এর সত্যতা স্বীকার করবেন।

তিনি সংসদ নেতা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তিনি কোনও সময় স্পীকার হিসেবে আমার কাজে হস্তক্ষেপ করেননি।

স্পীকার বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, আমি আমার নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস পুনরায়  দিচ্ছি। আপনারা রাগ, অভিমান বা জেদের বশবর্তী হয়ে এই মহান সংসদের বাইরে থাকবেন না। আসুন সবাই মিলে বহুদলীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু এ মহান সংসদকে প্রাণবন্ত রাখি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি জনকল্যাণকর আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।

তিনি বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি গত ৭ জুলাই লন্ডনের সন্ত্রাসী ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি। বিশ্বের মানচিত্রে যুক্তরাজ্য একটি অদ্বিতীয়, জনকল্যাণকর ও শান্তিপ্রিয় রাষ্ট্র। বিশ্বের সবকটি রাজধানীর মধ্যে লন্ডন সেরা। ব্রিটিশ নাগরিকরা অত্যন্ত সহনশীল, উদার, বন্ধুসুলভ, জাতিধর্ম নির্বিশেষে একটি বর্ণ বৈষম্যহীন জাতি। একটি শান্তিপূর্ণ জীবন যাপনের জন্যে মানুষ ছুটে যায় যুক্তরাজ্য, বিশেষ করে এর রাজধানী লন্ডনে।

তিনি বলেন, এমন শান্তিপূর্ণ, সহনশীল জনকল্যাণকর রাষ্ট্রের রাজধানীতে সন্ত্রাসী হামলা অকল্পনীয়। আমরা এ হামলার তীব্র নিন্দা করছি। ব্রিটিশ নাগরিকদের প্রতি প্রকাশ করছি আমাদের আন্তরিক সহানুভূতি ও সমবেদনা।