ফাঁসির আসামীর দণ্ড মওকুফ: সংসদীয় কমিটিতে বিতর্ক
একজন ফাঁসির আসামীর দণ্ড মওকুফ করা নিয়ে আইন বিষয়ক সংসদীয় কমিটিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রপতির ওই দণ্ড মওকুফের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়।
জানা যায়, আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী জনৈক ঝিন্টুর দণ্ড কেনো রাষ্ট্রপতি মওকুফ করলেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যখ্যা জানতে চান। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের কোন মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি ওই দণ্ড মওকুফ করলেন, তা বিষয়টি কমিটির জানা প্রয়োজন।
সুইডেনে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী ঝিন্টু গত জানুয়ারিতে দেশে ফিরে ১২ দিন কারাভোগ করে। এ সময় রাষ্ট্রপতি তার দণ্ড মওকুফ করলে সে আবার সুইডেনে চলে যায়।
সভায় আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহামেদ বলেন, নথিপত্র দেখে তবেই বিষয়টি কমিটিকে অবহিত করা সম্ভব। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির কাছে মতামত দিয়েছিলো, এটুকু আমি স্মরণ করতে পারি।
সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, সে ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতটি কমিটিতে উপস্থাপন করা হলে ওই বিষয়টি পরিস্কার জানা যাবে।
সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এর আপত্তি করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আইন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে কিছু করা আদৌ সম্ভব নয়। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, বরং আইন মন্ত্রণালয়ের ওই মতামতটিই প্রয়োজন।
সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির পরবর্তী সভায় আইন মন্ত্রণালয়ের ওই মতামতটি উত্থাপন করা হবে।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারুন আল রশিদ।
