৮৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত
দেশের বিভিন্ন আদালতে দুই শ’ ১০ জন বিচারকের পদ শূন্য থাকা সত্ত্বেও ৮৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়ে ডেপুটেশনে কর্মরত রাখা হয়েছে।
মাসদার হোসেন মামলার ১২ ধারার নির্দেশে (বিচার বিভাগ পৃথকীকরণ মামলা হিসেবে বেশি পরিচিত) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচার বিভাগের বাইরে বদলি করা থেকে বিরত থাকার ব্যাপারে সরকারের প্রতি আদেশ জারি করে। ওই আদেশে সুপ্রিম কোর্ট জানায়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচার বিভাগের বাইরে বদলি করাটা আইনসম্মত নয়।
আইন মন্ত্রণালয়ের একটি সূত্র শনিবার বিডিনিউজকে জানায়, নিু আদালতের বিচারকরা বিচারকের কমতি থাকার সময় নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র জানায়, অনেক মামলা বিচারাধীন থাকায় এবং দিন দিন মামলার সংখ্যা আরও বাড়তে থাকায় নিু আদালতের বিচারকরা মামলার নিষ্পত্তি করতে পারছেন না। ফলে মামলাকারীরা মারাত্মক সমস্যায় পড়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ দেশের বিভিন্ন আদালতে বিচারকের শূন্যতা সৃষ্টি হয়েছে বলে বিডিনিউজকে জানান।
আইন মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, ৩১ জন জেলা জজ, ১৩ জন অতিরিক্ত জেলা জজ, ৩২ জন যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারী জজ বিভিন্ন মন্ত্রণালয়ে ডেপুটেশনে কাজ করছেন।
সূত্র মতে, আইন ও বিচার বিষয়ক সক্ষমতা নির্মাণ প্রকল্পে চার জন, ঢাকার প্রথম ও দ্বিতীয় বন্দোবস্ত আদালতে চার জন, আইন কমিশনে চার জন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছয় জন, সংসদ সচিবালয়ে ছয় জন, শ্রম ও জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়ে আট জন, নিবন্ধন অধিদপ্তরে এক জন, নির্বাচন কমিশন সচিবালয়ে তিন জন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চার জন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তিন জন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই জন, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন জন, অর্থ মন্ত্রণালয়ে তিন জন, বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ে দুই জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক জন, প্রাইভেটাইজেশন কমিশনে এক জন, সুপ্রিম কোর্টে পাঁচ জন, মহিলা অধিদপ্তরে এক জন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ২১ জন বিচারক ডেপুটেশনে কাজ করছেন।
এছাড়া সম্প্রতি দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম কাস্টমস, যোগাযোগ মন্ত্রণালয়, টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, পরিত্যক্ত দারিদ্র্য ব্যবস্থাপনা বোর্ড, গণপূর্ত অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে নয়জন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়ে চিঠি পাঠিয়েছে।
