বিএনপি জাতীয় সম্পদ প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলেছে: বি চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদোজ্জা চৌধুরী বলেছেন, বিএনপি নাইকোর সাথে অবৈধ লেনদেন করে হাজার হাজার কোটি টাকার জাতীয় সম্পদ প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলেছে।
তিনি আরও বলেন, মেধা, সততা ও দেশ প্রেমহীন বিএনপি নেতৃত্ব দুর্নীতি করে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে।
রোববার বিকেলে সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে বরিশাল বিভাগের এজেডএম সালেহ ও মোহাম্মদ নান্নু মিয়ার নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতা কর্মীর বিকল্পধারায় যোগদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিকল্পধারা জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মেজর জেনারেল (অব) এমএ হালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড.এমএ মান্নান, লায়ন এমআর বড়–য়া, অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, খালেদ হোসেন প্রমুখ।
অন্য দলের নেতা কর্মীদের বিকল্প ধারায় যোগদানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সময় সুযোগ মত অনেকেই বিকল্প ধারায় যোগ দেবেন।
অধ্যাপক বি চৌধুরী বলেন, বিকল্পধারা মেধাবী ও সৎ মানুষের রাজনৈতিক দল। সরকার গুন্ডা লেলিয়ে দিয়ে বিকল্পধারার উত্থান রোধ করতে পারবে না।
