২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণকে নিয়েই সরকার বিরোধী মহাজোট, কারো জন্যে অপেক্ষা নয়: দেশে ফিরে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দু’সপ্তাহের ইউরোপ সফর শেষে শনিবার দেশে ফিরে ‘জনগণকে নিয়ে জোট সরকারের বিরুদ্ধে মহাজোট’ গঠনের ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তার ধানমণ্ডির কার্যালয়ে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোটের দুঃশাসন  থেকে মানুষ মুক্তি চায়। তাই জনগণকে নিয়েই হবে এ মহাজোট।

শেখ হাসিনা ফ্রান্স, রাশিয়া ও লন্ডন সফর শেষে শনিবার সকালে দেশে ফেরেন। ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে লণ্ডন থেকে সকাল ৬ টায় তিনি ঢাকায় পৌঁছেন। দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বিকেলের সংবাদ সম্মেলনে সরকার বিরোধী সম্ভাব্য জোটে সিপিবি’র অনীহার বিষয়টিকে ‘১১ দলের অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান বলেন, জনগণের স্বার্থে কারো জন্যে আর অপেক্ষা না করে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন এগিয়ে নেবো।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্যে আবারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইউরোপ সফরের অভিজ্ঞতা ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনা তার বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, এ সরকারের শাসনামলে দেশের মানুষের জীবন আজ অসহনীয় হয়ে উঠেছে। তাই, দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য ও দুর্নীতিবাজ সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে আওয়ামী লীগসহ সমমনাদের নিয়ে অচিরেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে শেখ হাসিনা সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। জোট নেত্রীই বিদেশিদের কাছে মুচলেকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তিনি আদৌ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলে দেশের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণœ করছেন। বাংলাদেশ মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পাক, তা তিনি চান না।

শেখ হাসিনা বলেন, ইয়াহিয়ার কাছে আওয়ামী লীগ যেমন ‘অপরাধী’ ছিলো, জোট নেত্রীর কাছেও তেমনি। তাই, তিনি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চান।

২১ আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনার তদন্ত নিয়ে সরকার নতুন খেলা শুরু করেছে। সঠিক তদন্ত হলে প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, পুত্র ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিএনপি জামাত জোটের সম্পৃক্ততা বেরিয়ে আসবে বলে প্রধানমন্ত্রী নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত করতে ভয় পাচ্ছেন।

সংসদে সদ্য পাশকৃত বাজেটের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সীমিত আয়ের মানুষ, গ্রামীণ জনগোষ্ঠী এবং বিশেষভাবে, তরুণ প্রজন্মের স্বার্থ বিরোধী উচ্চাভিলাষী বাজেট পাশ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য আরেক দফা বেড়েছে।

শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন সরকারের মন্ত্রীরা সংসদে বাজেট আলোচনার নামে মদের স্বাদ নিয়ে আলোচনা করেন। আর প্রধানমন্ত্রী সহাস্যে সেই আলোচনাকে উৎসাহিত করেন। 

তিনি বলেন, বাজেটের গণ বিরোধী দিকগুলো চিহ্নিত করে আওয়ামী লীগ ১৩ দফা সংশোধনী দিয়েছিলো। কিন্তু জনগণের প্রতি চরমভাবে উদাসীন সরকার সংশোধনীগুলো মানেনি। তাই, জাতির স্বার্থে আওয়ামী লীগ আন্দোলন অব্যাহত রাখবে।

সম্প্রতি নিহত সগীরকে একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক বাণী দিলেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে মৃতদেহকে দলীয় পতাকা দিয়ে ঢেকে পুষ্পস্তবক অর্পণ করলেন। এরপরও কি প্রধানমন্ত্রী বলতে পারবেন, তিনি সন্ত্রাসী পালেন না?

শেখ হাসিনা প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীই যদি সন্ত্রাসীদের জন্যে এতো সম্মান দেখান, তাহলে দেশ থেকে সন্ত্রাস দূর হবে কী করে? নিরাপত্তার জন্যে সাধারণ মানুষ কোথায় যাবে?

আওয়ামী লীগ সভানেত্রী তার বিদেশ সফরকালে গত দু’সপ্তাহে আওয়ামী লীগ কর্মীদের হত্যা, হামলা, মামলা, গ্রেফতার এবং হরতাল ও মিছিলে নির্যাতনসহ দেশে সংঘটিত বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বলেন, এ সরকার প্রকৃত খুনি ও সন্ত্রাসীদের রক্ষা করছে।  

শেখ হাসিনা ইউরোপীয় কাউন্সিল অব পার্লামেন্টের সম্মেলনে যোগ দিতে ১৮ জুন ফ্রান্স যান। আওয়ামী লীগ সভানেত্রী ইউরোপীয় পার্লামেন্টের আদলে এশিয়ান পার্লামেন্ট করা যায় কিনা, এ বিষয়ে ধারণা নেন বলে জানান।   

ফ্রান্সের স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত চার দিনের সম্মেলন শেষে তিনি রাশিয়া যান। রাশিয়ার পিপলস ফ্রেণ্ডশিপ ইউনিভার্সিটি গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্যে শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এছাড়া, রাশিয়া একাডেমি অব ন্যাচারাল সায়েন্স তাকে ফরেন মেম্বার নির্বাচিত করে।

শেখ হাসিনা ২৮ জুন মস্কো থেকে লন্ডন যান। সেখানে তিন দিন অবস্থানের পর শনিবার সকালে ঢাকা পৌঁছান।

শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি এবং সাবেক রাষ্ট্রদূত জিয়া উদ্দিন।