২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা দেশে ফিরেছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইউরোপে দু’সপ্তাহের সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন। ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে লণ্ডন থেকে সকাল ৬ টায় তিনি ঢাকায় পৌঁছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 10:02 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ দলের কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান।

এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু , আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সংসদে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ এ্যাডভোকেট, সাবের হোসেন চৌধুরী, মোহাম্মদ নাসিম এমপি, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, পংকজ দেবনাথ, অপু উকিল, লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা ইউরোপিয়ান কাউন্সিল আব পার্লামেন্টের সম্মেলনে যোগ দিতে গত ১৮ জুন ফ্রান্স যান। আওয়ামী লীগ সভানেত্রী ইউরোপিয়ান পার্লামেন্টের আদলে এশিয়ান পার্লামেন্ট করা যায় কিনা এ বিষয়ে ধারণা নেন।   

ফ্রান্সের স্ট্রাস্টবুর্গে অনুষ্ঠিত তিন দিনের সম্মেলন শেষে তিনি রাশিয়া যান। রাশিয়ার পিপলস ফ্রেণ্ডশিপ ইউনিভার্সিটি গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। এছাড়া, রাশিয়া একাডেমি অব ন্যাচারাল সাইন্স তাকে ফরেন মেম্বর নির্বাচিত করে।

শেখ হাসিনা ২৮ জুন মস্কো থেকে লণ্ডন যান। সেখানে তিন দিন অবস্থানের পর শনিবার সকালে ঢাকায় পৌঁছেন।

শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও সাবেক রাষ্ট্রদূত জিয়া উদ্দিন।

এদিকে শনিবার বিকেলে অনুষ্ঠেয় এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত ইউরোপ সফর ও দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন বলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে জানিয়েছেন।