বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিনত হবে কিনা এ নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা-কল্পনা
ঢাকায় অবস্থানরত কূটনৈতিকদের মধ্যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিনত হবে কিনা এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।
একজন পশ্চিমা রাষ্ট্রদূত এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিনত হওয়ার বিষয়টি প্রায়ই তারা গুরুত্ব সহকারে আলোচনা করে থাকেন। এ নিয়ে কেউ কেউ আশংকিত হলেও কিউ কেউ সংশয়বাদী। কূটনৈতিক মহলে এ নিয়ে আলোচনা-পাল্টা আলোচনা চলছে।
বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিনত হবে না- এ মতামত ব্যক্তকারিদের অন্যতম ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের রাষ্ট্রে পরিণত হবে না।
‘জাপান বাংলাদেশ ই-বুলেটিনে’ ২৭ মে প্রকাশিত ‘রিব্যুটাল এগেইনস্ট ফান্ডামেন্টালিজম ইন বাংলাদেশ’ শীর্ষক এক বার্তায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার তার জাতীয় নীতিতে আধুনিক ইসলামী চিন্তা চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা করা।
বার্তায় জাপানি রাষ্ট্রদূত দারিদ্র্য বিমোচন, মাদ্রাসা শিক্ষাকে পুনর্বিন্যস্ত করাসহ মৌলিক শিক্ষার মান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
বাংলা ভাইয়ের উত্থান এবং শুক্রবারে জুম্মার নামাজের পর মিছিলের ঘটনা বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিনত হওয়ার পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করেন কোন কোন কূটনৈতিক।
জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি বলেন, দেশটির উদার ইসলামী চিন্তাধারা এবং গনতান্ত্রিক মূল্যবোধের জাতীয় নীতির প্রতি বেশিরভাগ জনগণের সমর্থনের কারণেই বাংলাদেশ ইসলামী মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে না।
রাষ্ট্রদূতের বার্তাটিতে উল্লেখ করা হয়, যারা বলেন বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে, তাদের প্রধানত তিনটি যুক্তি রয়েছে। প্রথমটি হল, দারিদ্র্য থেকেই মৌলবাদের উত্থান, দ্বিতীয়টি হল, জামাতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদার এবং জামাতে ইসলামীর সাথে মৌলবাদীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তৃতীয় যুক্তিটি হল, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটছে এবং তারা মনে করে, মাদ্রাসাগুলোতে ইসলামী মৌলবাদ শিক্ষা দেওয়া হয়।
তারা আরও বলেন, বাংলাদেশ কয়েক বছরের মধ্যে মৌলবাদী রাষ্ট্রে পরিণত না হলেও ২০ বছরের মধ্যে এটি ঘটবে।
অন্যদিকে, যারা বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে বলে যুক্তি দেন, জাপানি রাষ্ট্রদূত তাদের যুক্তির বিরোধিতা করে বলেন, বাংলাদেশের মানুষ ধর্মীয়ভাবে আধুনিক এবং উদার মনের।
তিনি আরও উল্লেখ করেন, দারিদ্র্য মৌলাবাদীদের উত্থানে সাহায্য করে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবন-যাত্রার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে।
এছাড়া, বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান। এর চারপাশে কোনও ইসলামী রাষ্ট্রের অবস্থান নেই। বিদেশি মৌলবাদীদের এদেশে প্রবেশ করা খুব সহজ নয়। দেশটির ভৌগলিক অবস্থানও সমতল। সুতরাং লুকিয়ে থাকার সুযোগও কম। দেশটির যোগযোগ ব্যাবস্থাও দিনে দিনে উন্নত হচ্ছে। এতে করে দেশের কোনও অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে না।
হরিগুচি উল্লেখ করেন, জামাতে ইসলামী একটি ধর্মীয় দল কিন্তু মৌলবাদীদের থেকে তারা আলাদা। এছাড়া তারা যদি মৌলবাদীদের সমর্থন করে, তাহলে তারা জনসমর্থন হারাবে।
আরেকটি কারণ হল, যেসব মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে মৌলবাদের বীজ বপন করা হয় সেসকল মাদ্রাসার সংখ্যা খুব বেশি নয়। বেশিরভাগ মাদ্রাসার সাথেই ধর্মীয় মৌলবাদী গোষ্ঠির কোনও সম্পর্ক নেই।
১৯২০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সুন্নী মুসলিমদের সবচেয়ে জনপ্রিয় ধর্মীয় গোষ্ঠী তাবলিগ জামাত সম্পর্কে তিনি বলেন, তাবলিগ জামাত ধর্মীয় অনুশাসন মেনে চলে। তারা দেশের রাজনীতির সাথে জড়িত হতে চায় না।
এসব বিষয় থেকেই প্রমাণিত হয় বাংলাদেশের জনগণ মৌলবাদকে কখনোই গ্রহণ করবে না ।
