সাংবাদিক হত্যার হুমকি দিয়েছে হরতাল বিরোধী যুবকরা, একজন ধৃত
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও জাসদের (ইনু) ডাকা হরতাল চলাকালে বৃহস্পতিবার সকালে রাজধানীর মালিবাগ মৌচাক এলাকায় হরতাল বিরোধী একদল যুবক প্রথমে যুব মহিলা লীগ ও পরে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণ চালিয়েছে। এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং গুলি করে হত্যার হুমকি দেয়।
ওই ঘটনায় নেতৃত্বদানকারী সাইফুল ইসলাম নামে একজন হামলাকারীকে সাংবাদিক এবং স্থানীয় জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাকিরা পালিয়ে যায়।
সকাল ১১টার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল মালিবাগ রেল গেটের দিক থেকে মালিবাগ মোড়ের দিকে আসলে পুলিশ ধাওয়া করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি হয়। কয়েকজন মহিলা কর্মী ইট পাটকেল ছুঁড়ে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।
পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হওয়ার এক পর্যায়ে ১০/১২ জনের একদল যুবক হরতালের বিরুদ্ধে চিৎকার করতে করতে মহিলা কর্মীদের ওপর চড়াও হয়। ফটো সাংবাদিকরা এর ছবি তুলতে গেলে ওই যুবকরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। গালিগালাজ করে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গুলি করে হত্যারও হুমকি দেয় তারা।
সেখানে উপস্থিত সাংবাদিক ও জনতার সমন্বিত প্রতিরোধের মুখে অল্পক্ষণ পরেই তারা ছত্রভঙ্গ হয়ে গেলে সাইফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
