বঙ্গবন্ধু ভবন চত্বরে আ.লীগের জনসভায় দু’গ্রুপের সংঘর্ষ
ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন চত্বরে বুধবার আওয়ামী লীগ আয়োজিত জনসভা চলাকালে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
এক গ্রুপের লোকজন হামলা চালিয়ে অতর্কিতভাবে মঞ্চ দখলের চেষ্টা করলে মঞ্চে উপবিষ্ট নেতারা পেছন দিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যান। এসময় জনসভা স্থলে উপস্থিত লোকজন ভয় পেয়ে দিগি¦দিক ছুটোছুটি শুরু করে। পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র উত্তেজনার। প্রায় আধাঘন্টার জন্যে বন্ধ হয়ে যায় জনসভার কাজ।
এ ঘটনার জন্যে ধানমণ্ডি ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ নেতা-কর্মীরা পরস্পরকে দায়ী করেন।
তারা বিডিনিউজকে জানান, দু’টি থানার যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু ভবনের সামনের এ জনসভার আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠানে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগকে উপেক্ষা করে ধানমণ্ডির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোরশেদ কামাল মঞ্চ দখলে নিয়ে তাদের ইচ্ছেমতো নেতাদের দিয়ে বক্তৃতা করান। সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনকে সভাপতিত্ব করতে দেওয়া হয়নি। এমনকি মোহাম্মদপুর থানার সভাপতি আলহাজ্ব সাদেক খানকে বক্তৃতার সুযোগ দেওয়া হয়নি।
অন্যদিকে, ধানমণ্ডি থানা আওয়ামী লীগের একাধিক নেতা বিডিনিউজকে জানান, এ থানার সাবেক সাধারণ সম্পাদক মেসবাউর রহমান রতনের নেতৃত্বে একদল উচ্ছৃংখল যুবক আলহাজ্ব মকবুলের হয়ে জনসভা স্থলে হামলা চালিয়ে মঞ্চ দখলের চেষ্টা করে। আর তাকে ইন্ধন যোগান মোহাম্মদপুর থানার সভাপতি সাদেক খান।
যদিও সাদেক খান তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বিডিনিউজকে বলেন, আমিতো এসবের কিছুই জানি না।
উপস্থিত সাধারণ নেতা-কর্মীরা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের মতো স্মৃতি বিজড়িত স্থানে এমন অপ্রীতিকর ঘটনার তীব্র সমালোচনা করেন।
