২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো’র সঙ্গে লেনদেনে খোদ প্রধানমন্ত্রী ও হাওয়া ভবনের সংশ্লিষ্টতা রয়েছে: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে পুনরায় বিষ্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুড়ে যাওয়া গ্যাস সম্পদের জন্যে যথাযথ ক্ষতিপূরণ আদায় এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, নাইকো’র সঙ্গে অবৈধ লেনদেনের ঘটনায় সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রীকে পদচ্যুত করা হলেও বস্তুত আরও বড় ধরনের অবৈধ লেনদেনের ঘটনায় খোদ প্রধানমন্ত্রী এবং হাওয়া ভবনের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। আর এ কারণেই নাইকো নামের বিদেশি গ্যাস কোম্পানিটি সকল প্রকার দায় দায়িত্ব ও জবাবদিহিতার উর্ধ্বে ওঠার সাহস পাচ্ছে।

আব্দুল জলিল টেংরাটিলায় দ্বিতীয়বার বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং বিপুল পরিমাণ জাতীয় সম্পদের ক্ষয় ক্ষতির জন্যে জোট সরকার বিশেষ করে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী এবং নাইকোকে দায়ী করেন।

তিনি অবিলম্বে গ্যাস ক্ষেত্রের অগ্নিকাণ্ড বন্ধ, পরিবেশ সংরক্ষণ এবং অবশিষ্ট গ্যাস সম্পদ রক্ষার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।