২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটকে উৎখাত ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ২১ আগষ্টসহ সকল গ্রেনেড ও বোমা হামলার বিচার করা হবে : গণ অনশনে আ.লীগ নেতৃবৃন্দ

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জোট সরকারকে উৎখাত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ২১ আগষ্টের গ্রেনেড হামলাসহ সকল গ্রেনেড ও বোমা হামলার বিচার করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত ও আহতদের পরিবার সদস্যদের প্রতীক গণ অনশন চলাকালে দেওয়া বক্তৃতায় তারা এ কথা বলেন।

গ্রেনেড হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ অনশনের আয়োজন করে।

সকাল ১০ টা থেকে অনশন শুরু হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি দুপুর দেড়টায় পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

অনশন চলাকালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জিল্লুর রহমান ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, মতিয়া চৌধুরী, ব্যারিষ্টার আমীর উল ইসলাম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, অধ্যাপিকা নাজমা রহমান, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. মির্জা আব্দুল জলিল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, হাজী মোহাম্মদ সেলিম, নাজমুল হক প্রধান, ডা: ইকবাল আরসালান, নাজমা আক্তার, পংকজ দেবনাথ ও লিয়াকত সিকদার বক্তৃব্য রাখেন।

জিল্লুর রহমান তার বক্তৃব্যে ২১ আগষ্টের গ্রেনেড হামলার জন্য সরকারকে দায়ী করে বলেন, সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করবে না বলে নতুন করে নানা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তিনি বলেন, সরকার পতনের আন্দোলন অব্যাহত রেখে বিএনপি জামাত জোটকে অপসারণ ও আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার গঠন করে সকল গ্রেনেড ও বোমা হামলা ঘটনার তদন্ত ও বিচারের ব্যবস্থা করা হবে।

আমির হোসেন আমু বলেন, ২১ আগষ্টের গ্রেনেড হামলার ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করতে সরকার যে নাটক সাজাচ্ছে, তা বিশ্ব বিবেক ও দেশের মানুষ গ্রহণ করবে না।

আব্দুল জলিল বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে সরকারের সকল চক্রান্ত রুখতে হবে। সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গ্রেনেড ও বোমা হামলাকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে।