সরকারের বিরুদ্ধে গণ অনাস্থা প্রদর্শনে নগরীতে আওয়ামী লীগের মানব প্রাচীর কর্মসূচি পালন
আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন সরকারের বিরুদ্ধে গণ অনাস্থা প্রদর্শনে সোমবার নগরীতে মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে। রাজধানীর উত্তর পশ্চিম প্রান্ত পল্লবী থেকে দক্ষিণ পূর্ব প্রান্ত ডেমরা পর্যন্ত ২৫ কিলোমিটার দৈর্ঘ্য এলাকাজুড়ে এক ঘন্টা ব্যাপি এ প্রাচীর গঠিত হয়।
প্রস্তাবিত বাজেটে ১৩ দফা সংশোধনী প্রস্তাব অন্তভূক্ত করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যরা অবস্থান নেয়।
আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতা কর্মীরা কর্মসূচির নির্ধারিত সময় বিকেল চারটার আগেই জমায়েত হতে শুরু করে। এ সময় তারা সরকার বিরোধী বক্তব্য লেখা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি অন্যান্য সিনিয়র কেন্দ্রীয় নেতাসহ মুক্তাঙ্গন এলাকায় কর্মসূচিতে অংশ নেন। তিনি ও অন্যান্য নেতারা এসময় ‘আর নয় বিএনপি জামায়াত সরকার’ লেখা কাগজের হ্যাট পড়া ছিল। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, হাজী সেলিম প্রমুখ।
কর্মসূচি চলাকালে প্রস্তাবিত বাজেটের কর প্রত্যাহারের দাবি এবং মূল্যবৃদ্ধি ও ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন। এর মধ্যে ছিলো: ‘দুর্নীতির কেন্দ্রবিন্দু হাওয়া ভবন বিলুপ্ত কর’ ইত্যাদি। গণ অনাস্থা মানব প্রাচীর কর্মসূচি চলাকালে একটি ভ্যানে করে আওয়ামী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন।
বিকেল পাঁচটায় একটি হুইসেলের সঙ্গে সঙ্গে শেষ হয় কর্মসূচি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বিডিনিউজকে বলেন, দেশের মানুষের জীবনযাত্রাকে দুঃসহ করার জন্যে মানুষ এখন আর সরকারকে সহ্য করতে পারছে না।
তিনি আরও বলেন, সফটওয়্যার শিল্প ও মোবাইল সিম কার্ডে কর আরোপের ঘটনা এই সরকারের জনবিরোধী চরিত্রকেই প্রমান করে। কৃষি খাত বাজেটে সম্পূর্ণ অবহেলার শিকার হয়েছে। এই ভর্তুকির জন্যে কার্যকর কোন বরাদ্দ রাখা হয় নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ২০০৫-০৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকার যদি ১৩ দফা সংশোধনী প্রস্তাব ২৯ জুনের মধ্যে অন্তর্ভূক্ত না করে, তাহলে আগামী ৩০ জুন আওয়ামী লীগ সারা দেশে হরতাল পালন করবে। তিনি কর্মসূচি সফল করার জন্যে ঢাকাবাসীর প্রতি অভিনন্দন জানান।
আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম জানান, কর্মসূচিতে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে।
