মন্ত্রীপরিষদে কর ন্যায়পাল খসড়া বিল অনুমোদন
কর প্রশাসনকে আরও শক্তিশালী করতে মন্ত্রীপরিষদ কর ন্যায়পাল খসড়া বিল অনুমোদন করেছে। সোমবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সংসদের বর্তমান অধিবেশনে বহুল আলোচিত এই বিলটি পেশ করবেন।
সংসদে বিলটি পাশ হলে সরকার একজন কর ন্যায়পাল নিয়োগ করবে।
এর আগে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, পয়লা জুলাই থেকে কর ন্যায়পাল নিয়োগ করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ তার সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কর ন্যায়পাল নিয়োগ এই সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতি।
তিনি আশা প্রকাশ করে বলেন, কর ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে সরকার একটি দৃঢ় পদক্ষেপ নিয়েছে। কর ন্যায়পাল নিযোগের পর কর প্রশাসন ও রাজস্ব খাতে একটি বড় ধরনের পরিবর্তন আনবে।
এফবিসিসিআই’র সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বিডিনিউজকে বলেন, একজন যোগ্য ব্যক্তিকে ন্যায়পাল নিযোগ করা উচিত।
তিনি বলেন, দেশের সবচে’ গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই দীর্ঘদিন ধরে কর ন্যায়পাল নিয়োগের দাবি করে আসছে। আমরা এটা জেনে খুশি যে সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, কর ন্যায়পাল হাইকোর্টের বিচারকের সমমর্যাদা সম্পন্ন হবেন এবং তার জন্য পৃথক কার্যালয় বরাদ্দ দেওয়া হবে।
মন্ত্রীপরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরেরও সিদ্ধান্ত নেয়।
