নরসিংদী-১ উপ-নির্বাচনে পরাজিত প্রার্থী মুন্না ফলাফল বাতিল ও সিইসির পদত্যাগ দাবি করেছেন
নরসিংদী-১ উপ-নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্না বুধবারের নির্বাচনী ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন। তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেছেন।
নরসিংদী প্রেসক্লাবে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে শাহাদাত হোসেন মুন্না বলেন, চারদলীয় জোট প্রার্থীর সমর্থকরা ব্যাপক অনিয়ম ও পেশিশক্তি ব্যবহার করেছে। নির্বাচনী এলাকার প্রতিটি ভোট কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের হুমকি দিয়ে এবং প্রহার করে বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের সহযোগিতায় জোট প্রার্থীর ক্যাডাররা জাল ভোট প্রদানের মাধ্যমে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে।
তিনি জানান, নির্বাচনের আগের রাতে তার নির্বাচন কমিশন অনুমোদিত গাড়ির চালককে চাবিসহ গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করার পরও তারা কোনও ব্যবস্থা নেয়নি। বরং তারা জোট প্রার্থীকে জয়ী করতে ভূমিকা রেখেছে।
শাহাদাত হোসেন মুন্না বলেন, নির্বাচনের পর জোট সমর্থকরা আমার সমর্থকদের বাড়িঘরের ওপর হামলা ও ভাংচুর অব্যাহত রেখেছে। সহধর্মিনী মাহফুজা হোসেনকে মোবাইলে এসিড ছোঁড়া এবং হত্যার হুমকি দিয়েছে। ভাইয়ের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।
সম্মেলনে তিনি উপ-নির্বাচনের ফলাফল অবিলম্বে বাতিল করে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানান।
