২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় দারিদ্র বিরোধী তহবিল গঠনে শেখ হাসিনার আহ্বান

এশিয়া অঞ্চলের দরিদ্র মানুষের দুঃখ দুর্দশা লাঘবে দারিদ্র বিরোধী তহবিল গঠনে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার ফ্রান্সের স্ট্রাসবার্গে এসোসিয়েশন অব এশিয়ান পার্লামেন্টারিয়ান ফর পিস (এএপিপি)’র সিনিয়র এ্যাডভোকেসি বৈঠকে এশিয়ার বাস্তবতায় সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে একটি খসড়া রোডম্যাপ প্রনয়ণের আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, দারিদ্র বিমোচন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, দূর্নীতি রোধ এবং মানব ও মাদক পাচার রোধে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এশিয়ান পার্লামেন্টেরিয়ানদের বড় ভূমিকা রয়েছে।

এএপিপি এশিয়ার দেশগুলো এবং আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে কাজ করে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এএপিপি এ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার চৌধুরী আমির হোসেন, কম্বোডিয়ার জাতীয় পরিষদের স্পিকার করম প্রে নরোদম রনোরিধ, ফিলিপাইনের হাউজ অব রিপ্রেজেন্টটেটিভের স্পিকার জোসে ডি ভেনেসিয়া, চীনের পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান জি পেডিং।

বিরোধী দলীয় নেত্রী বলেন, পার্লামেন্টেরিয়ানরা সকল প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে লবিং করতে পারেন।

এশিয়ায় সন্ত্রাসবাদ, মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন এবং শিশু পাচার হচ্ছে বলে সিনিয়র এ্যাডভোকেসি কাউন্সিলের বৈঠকে স্বীকার করা হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সমস্যাগুলোকেই এশিয়ার দেশগুলোর জন্য অন্যতম সমস্যা বলে চিহ্নিত করা হয়।

বৈঠকে এএপিপি এবং এর কর্মসূচি উদ্দেশ্য ও বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকের পর সিনিয়র এ্যাডভাইজরি কাউন্সিলের যৌথ বিবৃতিতে বলা হয়, এএপিপির সাধারণ পরিষদে সন্ত্রাস, মাদক, মানব পাচার, দূর্নীতি রোধ এবং এশিয়ার দারিদ্র বিরোধী তহবিল গঠনের ব্যাপারে বিবেচনা করা হবে।

বৈঠকে আলোচনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি ও এ্যাম্বাসেডর মোহাম্মদ জিয়াউদ্দিন শেখ হাসিনাকে সহায়তা করেন।

পরে শেখ হাসিনা ইউরোপিয়ান কমিশন ফর ডেমোক্র্যাসি’র ব্রিফিংয়ে যোগ দেন।

এর আগে বুধবার রাতে কাউন্সিল অব ইউরোপের জেনারেল সেক্রেটারি টেরি ডেভিস শেখ হাসিনাকে স্বাগত জানান।