২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরল ছাত্রলীগ

গত মাসে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী শাম্মী আখতার হ্যাপীর মৃত্যুকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ ও জাতীয়তাবাদী ছাত্রদলের বাধার কারণে ২৩ দিন বাইরে থাকার পর বাংলাদেশ ছাত্রলীগ বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 05:52 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সকাল ৯টায় তারা মধুর ক্যান্টিনে জড়ো হয়ে তাদের সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

২৮ মে শাম্মী আখতার হ্যাপীর মৃত্যুর পর সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিরোধী ছাত্র সংগঠনগুলোর ওপর পুলিশ ও ছাত্রদলের হামলায় ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে ওঠে।

এরপর অপরাজেয় বাংলার কাছে দুই সংগঠনের মিছিল চলাকালে একটি হাত বোমা বিস্ফোরিত হলে ছাত্রদল ক্যাম্পাসে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে।

ছাত্রদল বোমা হামলার জন্যে ছাত্রলীগকে দায়ী করে এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে তাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয়।

প্রায় এক সপ্তাহ ছাত্রদল ক্যাডাররা ক্যাম্পাসের প্রবেশ দ্বারগুলোতে পাহারা বসায়।

ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার বলেন, গণতন্ত্র চর্চা ও আন্দোলনের মাধ্যমে দাবি পূরণের জন্যে তারা ক্যাম্পাসে প্রবেশ করেছে। ছাত্রদলের ঘোষণা সম্পর্কে তিনি বলেন, এটা আমাদের ক্যাম্পাস। আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী ক্যাম্পাসে যাব। আমাদের প্রতিরোধ করার অধিকার কারও নেই।

ছাত্রলীগ নেতৃবৃন্দ আরও জানান, ছাত্রলীগ ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। তারা তাদের দাবি পূরণে শুক্রবার সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, আমরা যদি দেখি, ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসী ও বহিরাগতদের প্রবেশ করিয়েছে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের মোকাবেলা করব।