২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য প্রযুক্তি খাতে কর আরোপের বিরুদ্ধে তরুণ সমাজসহ দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি সরকারকে তথ্য প্রযুক্তি বিপ্লব বিরোধী বিশেষ গোষ্ঠী স্বার্থ রক্ষাকারী হিসেবে উল্লেখ করে বাজেটে তথ্য প্রযুক্তি খাতে কর আরোপের বিরুদ্ধে তরুণ সমাজসহ দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত উপ কমিটির এক সভা থেকে এ আহ্বান জানানো হয়।

এছাড়া কমিটি সিম কার্ডের ওপর আরোপিত কর সম্পূর্ণ প্রত্যাহার, কলচার্জ কমিয়ে যুক্তিসঙ্গত পর্যায়ে পুণ:নির্ধারণ এবং সফটওয়্যার রফতানির ওপর কর প্রত্যাহার করে এই খাতে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানায়।

সভায় ২০০৫-২০০৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বলা হয়, বাজেটে বিকাশমান তথ্য প্রযুক্তি খাতকে ধ্বংস করতে আত্মঘাতি নীতি ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উপ কমিটির চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ উল আলম লেলিন, উপ কমিটির সদস্য বিরোধী দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, দবির উদ্দিন আহমদ প্রমুখ।