২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে কিউবার রাষ্ট্রদূতের সাক্ষাত, অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে মতৈক্য

বাংলাদেশের দায়িত্বে নব নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জন কার্টিরো ইভান্স মঙ্গলবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন। এ সময় উভয়ে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে মতৈক্য প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

নয়াদিল্লিতে অবস্থানকারী এ রাষ্ট্রদূত বাংলাদেশ ও কিউবার মধ্যকার রাজনৈতিক সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে আরও বাড়ানো দরকার।

তিনি বলেন, বায়োটেকনোলজি এবং চিকিৎসা বিজ্ঞানে কিউবার অনেক সাফল্য রয়েছে । ফলে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস’র গুণগত মানের কথা উল্লেখ করে বলেন, দুদেশের মধ্যকার সহযোগিতার সুযোগ এ ক্ষেত্রে কাজে লাগাতে হবে।

সাক্ষাতকালে কিউবার রাষ্ট্রদূত সে দেশে বাংলাদেশী ছাত্রদের বৃত্তি আরও বাড়ানো হবে বলে জানান।

প্রধানমন্ত্রী মালয়শিয়ায় অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন।

২০০৬ সালের শেষের দিকে পরবর্তী ন্যাম সম্মেলনেও প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন কিউবার রাষ্ট্রদূত। এছাড়া দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীকে কিউবায় আমন্ত্রণ জানান তিনি।

প্রধানমন্ত্রী তার এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং তার মাধ্যমে কিউবার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে কিউবার রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।