২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য দুর্ভাগ্যজনক: নিজামী

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে চার দলীয় জোটের অন্যতম শরিক জামায়েত ইসলামি বলেছে, স্বাধীন ও স্বার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কেউ নাক গলাক তারা সেটা চায়না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক প্রেস মিটে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেন, সে কি বলেছে সে ব্যাপারে আমরা নাক গলাতেও চাইনা কিন্তু আমাদেও দুর্ভাগ্য যে তাদের অনেকেই আমাদের কাজে নাক গলাতে চায় এবং আমাদের মধ্যে অনেকে তাদের এ সুযোগ করে দিচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস ১৪ জুন ডিপ্লোমেটিক করেসপনডেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিসিএবি) এর সাথে এক আলোচনাকালে বলেন, যদি জাতীয় স্বার্থে প্রধান রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কাজ না করে তাহলে জনগণ এর বিকল্প খুজবে। তবে এ কাজটি ভালো কিছু হবে না।

নিজামী বলেন, তার (রাষ্ট্রদূত) বক্তব্য অনুসারে আমরা প্রধান দুটি রাজনৈতিক দলগুলোর অন্তর্ভূক্ত নই। আর এ ব্যাপারে একজন রাষ্ট্রদূতের বক্তব্যকে কোন গুরুত্বও দিচ্ছিনা। সবাই ভাল করেই জানে তারা ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন ও গুয়ান্তানামোতে কি করছে।

বামপন্থীদের দোষারোপ করে জামায়াতের আমীর বলেন, গত দশ বছরে দেশের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৩ হাজার লোক সর্বহারা ও জনযুদ্ধের ক্যাডারদের হাতে নিহত হয়েছে। কিন্তুু তখন দেশের কেউই মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনও কথা বলেনি।

দেশে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করার পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কোন উদাহরণ নেই। আর সাম্প্রদায়িকতার প্রশ্ন অনেক দুরের কথা। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের দমননীতি নিয়ে বিবাদ দুর্ভাগ্যজনক।

জামায়েত ইসলামীর শীর্ষ নেতারা বলেন, তারা আগামী নির্বাচনেও জোটের আওতায় যৌথভাবে প্রার্থী দাড় করাতে চেষ্টা করবেন।

এ ব্যাপারে জামায়েতের আমীর বলেন, আমরা জোট ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। এইচ এম এরশাদের জোটে অন্তর্ভুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরশাদের জন্য তারা তাদের দরজা বন্ধ করেন নাই। জোটের দরজা সবমসয় খোলা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামায়েতের এমপি আবদুস সোবাহান, দেলওয়ার হোসেন সাঈদী, রুহুল কুদ্দছ, গোলাম পরোয়ার, গাজী নজরুল ইসলাম, রিয়াসাত আলী, আজিজুর রহমান, আব্দুল আজিজ, ফরিদউদ্দিন চৌধুরী ও শাহাজান চৌধুরী উপস্থিত ছিলেন।