২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

ফরিদপুর শহরের আলীপুর এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 03:29 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের আলীপুর এলাকার গোলপুকুর সংলগ্ন সাথী ডেকোরেটর নামের একটি দোকানে বসে মনির অন্যান্যদের সাথে গল্পগুজব করার সময় অজ্ঞাতনামা তিন দুর্বুত্ত তার বুকে অস্ত্র ঠেকিয়ে পরপর ৮/১০ রাউন্ড গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মনিরের বুক ও বাম পাজরে মোট চারটি গুলিবিদ্ধ হয়।

মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা অস্ত্র উচিয়ে এলাকা ত্যাগ করে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে নাইন এম এম পিস্তলের দুটি ও পয়েন্ট থ্রি টু রিভলবারের তিনটি গুলির খোসা উদ্ধার করে।

নিহত মনির ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ছিলেন। তার বাড়ি শহরের অম্বিকাপুর।

এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হত্যকান্ডের খবর পেয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতারা হাসপাতালে ছুটে যান। মনিরের লাশ দেখে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। নিহত মনিরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।