২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার জামিনের জন্য জজ কোর্টে আবেদনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) পর শনিবার হাইকোর্টও বিদিশার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। তবে জামিনের জন্য বিদিশার আইনজীবীদের জজ কোর্টে আবেদন করতে বলেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি শামীম হাসনীনের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

তবে বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি আবদুল হাই’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের অন্য একটি বেঞ্চ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিদিশার আত্মীয় স্বজনকে গ্রেফতার বা হয়রানি না করার যে আদেশ দেয়া হয়েছে তার সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে, পুলিশ বিদিশার বিরুদ্ধে আবারও রিমাণ্ড চেয়ে যে আবেদন করেছে শনিবার মুখ্য মহানগর হাকিমের আদালত তা আগামী ১৬ জুন পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

বিদিশার বাবা, বোন মণিষা ও তৃষার দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে গত ৭ জুন বিচারপতি মোজাম্মেল হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশার আত্মীয় স্বজনকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য পুলিশকে নির্দেশ দেন।

বিদিশার একজন আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান মাহবুব বিডিনিউজকে জানান, রোববার তারা জজ কোর্টে জামিনের আবেদন জানাবেন।

বিদিশার বিরুদ্ধে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দায়ের করা চুরি, প্রতারণা, হত্যার হুমকি, অর্থ আত্মসাৎ ও ভাঙচুর মামলায় পুলিশ গত ৪ জুন বিদিশাকে গ্রেফতার করে। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে তিন দিনের রিমাণ্ডে নেওয়ার আদেশ দেন।

বিদিশার একজন আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম বিডিনিউজকে বলেন, আগামী বুধবার হাইকোর্টে তারা বিদিশার জামিনের আবেদন জানাবেন।

বিদিশার পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এসএম সালাউদ্দিন, অ্যাডভোকেট কামরুজ্জামান মাহবুব, ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার সারা হোসেন।