কিবরিয়া হত্যাকান্ডে জড়িত অভিযোগে ছাত্রদল নেতা বহিস্কার
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডে জড়িত অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের হবিগঞ্জ জেলা কমিটির সহ দপ্তর সম্পাদক সেলিম আহমদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার ছাত্রদলের জেলা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কমিটির সভাপতি মহিবুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুগ্ন সম্পাদক ইকরাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ।
সভায় বলা হয়, কিবরিয়া হত্যাকান্ডের সঙ্গে ছাত্রদলের সহ প্রচার সম্পাদক সেলিম আহমদ জড়িত থাকায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়।
ছাত্রদলের জেলা কমিটির সহ দপ্তর সম্পাদক সেলিম আহমদ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায বিস্ফোরক ও হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী।
