২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজমান, তদন্ত কমিটি আরও সময় চেয়েছে

মেধাবী ছাত্রী হ্যাপী’র মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখনও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাসীন বিএনপি’র ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে দল বেধে বসে থাকতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এদিকে বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনার তদন্ত করতে গঠিত কমিটি তদন্ত কাজ শুরু করেছে এবং তারা ১৫ দিনের সময় চেয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল কর্মীরা গত ৩১ মে কলাভবনে বোমা বিস্ফোরণের দায়ে বাংলাদেশ ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের অবাঞ্চিত ঘোষনা করেছে। ছাত্রদল কর্মীদের শনিবার ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অনেকটা আয়েশি ভঙ্গিতে গল্প করে কিংবা হেসে খেলে সময় কাটাতে দেখা যায়।

এদিকে শনিবার সকালে ছাত্রলীগ কর্মীদের কেন্দ্রীয় শহীদ মিনার দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার সময় ছাত্রদল কর্মীরা তাদের ধাওয়া করেছে।

বাম ছাত্র সংগঠনসমূহের মোর্চা গ্রপতিশীল ছাত্রজোট দুপুরের দিকে ভিসি এবং প্রক্টরের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ভিসি’র কার্যালয় ঘেরাও করে। জোট তাদের আন্দোলন কর্মসূচী চালিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে। তারা ৬ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যালি করবে এবং ৮ জুন নগরীর মুক্তাঙ্গনে সমাবেশ থেকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

জাতীয়তাবাদী ছাত্রদল এক সাংবাদিক সম্মেলনে চারুকলা ইন্সটিটিউট এবং কলাভবনে ছাত্রদল কর্তৃক আক্রমনের অভিযোগ অস্বীকার করেছে।

তারা প্রক্টর অফিস ভাংচুরের জন্য ছাত্রলীগ ক্যাডারদের দায়ী করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮ ও ২৯ মে সহিংস ঘটনা তদন্তের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি তাদের তদন্ত কার্য শুরু করেছে।

ছাত্রদল ও ছাত্রলীগ পরস্পরের বিরুদ্ধে মামলা দায়ের করায় তদন্ত কমিটি এ ব্যাপারে আইন উপদেষ্ঠার পরামর্শ নিবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং তদন্ত কমিটি’র প্রধান প্রফেসর সৈয়দ রাশিদুল হাসান। তদন্ত কার্যে কমিটি বিভিন্ন পত্র পত্রিকা ও ভিডিও ফুটেজের সাহায্য নিবে। রোববার নাগাদ রিপোর্ট জমা দেয়ার কথা থাকলেও তদন্ত কমিটি উপাচার্যের কাছে অতিরিক্ত ১৫ দিন সময় চেয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৮ জন শিক্ষক প্রতিনিধি শনিবার এক বিবৃতিতে ক্যাম্পাসকে সন্ত্রাসীদের আখড়া বানানোর জন্য সরকারকে দায়ী করে নিন্দা জ্ঞাপন করে।

বিবৃতিতে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেন, প্রফেসর আরআইএম আমিনুর রশিদ, প্রফেসর এএএমএস আরেফিন সিদ্দিক, প্রফেসর কাজী শহিদুল্লাহ, প্রফেসর শরিফউল্লাহ ভূঁইয়া, প্রফেসর হুসাইন মনসুর, প্রফেসর রফিকুন্নবী (রনবী), ড. আনোয়ার হোসেন এবং প্রফেসর এবিএম ফারুক।