২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি’র মেয়র ও কমিশনারদের শপথ গ্রহণ

চট্টগ্রাম সিটি করপোরেনের (সিসিসি) নবনির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও ৫৪ জন ওয়ার্ড কমিশনার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেয়র মহিউদ্দিন চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং শপথ গ্রহণের জন্য ঢাকায় অবস্থানকারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫৪ জন নবনির্বাচিত ওয়ার্ড কমিশনার উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন কুটনৈতিক মিশনের প্রতিনিধি ও উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

পরে এলজিইডি মিলনায়তনের সিসিসি’র নবনির্বাচিত ৫৪ জন ওয়ার্ড কমিশনারকে শপথ বাক্য পাঠ করানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ওয়ার্ড কমিশনারদের শপথ বাক্য পাঠ করান। একজন সাধারণ ওয়ার্ড কমিশনার মামলার কারণে ফলাফল স্থগিত থাকায় শপথ নিতে পারেননি।

এ বছরের ৯ মে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী চার দলীয় ঐক্য জোটের প্রার্থী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে প্রায় ৯১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন।

ওই নির্বাচনে ৪১ জন সাধারণ ওয়ার্ড কমিশনারের মধ্যে ২২ জন আওয়ামী লীগ, ১০ জন বিএনপি ও একজন জামাত সমর্থিত এবং বাকী আটজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। এছাড়াও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১৪ জন সরাসরি ভোটে নির্বাচিত হন।

পরে মেয়র মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর তাকে সিসিসি’র বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।