বরিশালে পুলিশের বাধায় যুবলীগের সম্মেলন পণ্ড
বরিশালের মেহেন্দিগঞ্জে সোমবার উপজেলা যুবলীগের কর্মী সম্মেলন পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে দুই যুবলীগ কর্মী আহত হয় বলে দলের নেতারা অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক মনির হোসেনের বাসভবন এলাকায় অনুষ্ঠেয় কর্মী সম্মেলনে যোগ দিতে আসার সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যুবলীগের নেতা-কর্মীদের বাধা দেয়।
দুপুর ১২টার দিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুরের নেতৃত্বে পুলিশের ১৫/২০ জনের দল মনিরের বাসভবন ঘেরাও করে।
এ সময় পুলিশ ও যুবলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ যুবলীগের দুই কর্মীকে প্রহার করে। ফলে পুলিশের বাধার মুখে নির্ধারিত কর্মী সম্মেলন পণ্ড হয়ে যায়।
