জোটের নেতাকর্মীদের দুর্নীতির টাকা বৈধ করতেই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে : আ.লীগ
বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটি ২০০৫-০৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে।
মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে উপ কমিটির এক সভায় এ বাজেট প্রত্যাখ্যান করে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেট শিল্প ও কর্মসংস্থান বিমুখ, শিল্প প্রতিষ্ঠান ধ্বংসকারি এবং উন্নয়ন বিমুখ।
কমিটির চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশ নেন সদস্য সচিব কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান, নাজমুল হাসান জাহেদ, একে আজাদ, আলমগীর এস আলামিন, খোকা সিকদার, জামিল হাসান দুর্জয়, নাগিবুল ইসলাম দিপু, কেএম জামান, শ্যামল দাস টিটু এবং নাজিবুর রহমান।
সভায় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সমালোচনা করে বলা হয়, বিএনপি জামাত জোটের নেতাকর্মীদের দুর্নীতি ও লুটের মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা করার জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।
এতে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর ১২০০ টাকা করারোপ এবং বাজেট পাসের আগেই এসআরও জারি করে তা আদায়ের সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়। দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এ শুল্ক প্রত্যাহার করতে সভা থেকে দাবি জানানো হয়।
সভায় দেশের শিল্প রক্ষা এবং বিকাশের স্বার্থে কাঁচামালের ওপর থেকে সাড়ে সাত শতাংশের নিচে নির্ধারণ এবং ব্যাংক ঋণের সুদ হ্রাসের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
