২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার বক্তব্য ২১ আগস্ট’র ঘটনার সাথে বিএনপির সম্পৃক্ততার প্রমাণ: আব্দুল জলিল

বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার এক বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রশ্ন করে বলেন, সরকার ২১ আগস্ট’র গ্রেনেড হামলার ব্যাপারে শেখ হাসিনার দেওয়া তথ্য প্রমাণের জন্যে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে দায়িত্ব দিচ্ছে না কেন?

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

আব্দুল জলিল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বক্তব্যের প্রতিবাদে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রশ্ন করেন।

এর আগে মান্নান ভূঁইয়া তার এক বক্তব্যে বলেছিলেন ২১ আগস্টের ঘটনা নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চার দলীয় জোট সরকার ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং আইভি রহমানসহ ২৪ নেতাকর্মীর হত্যাকারীদের রক্ষা করতে চায় বলে এ ঘটনার কোনও নিরপেক্ষ তদন্ত করতে চায় না।

তিনি মান্নান ভূঁইয়াকে প্রশ্ন করে বলেন, প্রধানমন্ত্রী নিজে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, সেখানে তিনি দায়িত্ব পালনের ব্যর্থতার জন্যে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজি, পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্টদের অব্যাহতি দিলেন না কেন?

আব্দুল জলিল বলেন, গোয়েন্দা সংস্থার ভিডিওর মূল কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। সেগুলো কেন এফবিআই এর কাছে দেওয়া হয়নি এবং ঘটনার পর আওয়ামী লীগ মামলা দায়ের করতে গেলে কেন সে মামলা গ্রহণ করা হয়নি?

তিনি আরও প্রশ্ন রাখেন, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে আটককৃত অস্ত্র, গুলি ও গ্রেনেডগুলোর মধ্যে সরিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরকগুলোই কি ২১ আগস্ট ব্যবহার করা হয়েছে।