বেগম সুফিয়া কামাল-এর জন্মবার্ষিকী সোমবার: শেখ হাসিনার বাণী
কবি বেগম সুফিয়া কামাল-এর ৯৪তম জন্মবার্ষিকী সোমবার উদ্যাপিত হবে।
বরিশালের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১১ সালের ২০জুন জন্মগ্রহণকারী সুফিয়া কামাল নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করে গেছেন। নিরলস সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনে অংশগ্রহণ করেন।
সংসদে বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার এক বাণীতে সুফিয়া কামাল-এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলনে সুফিয়া কামাল-এর অগ্রণী ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি আরও বলেন, সুফিয়া কামাল নারীদের ওপর সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
সুফিয়া কামাল-এর জন্মবার্ষিকী উদ্যাপনে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ সিরডাপ মিলনায়তনে সোমবার সুফিয়া কামাল-এর জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভার আয়োজন করেছে।
