২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটের মাধ্যমে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে জাকের পার্টি

ধর্ম নিয়ে রাজনীতি বন্ধের জন্য গণভোটের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানের মূল নীতিতে পুনরায় সংযোজনের দাবি জানিয়েছে জাকের পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ‘ধর্ম ভিত্তিক রাজনীতি: বাংলাদেশ বিরোধী অপপ্রচার’ প্রসঙ্গে রোববার দলের চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল দেশে সহিংসতা সৃষ্টির জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন।

পশ্চিমা প্রচার মাধ্যমে, ইসলামী রাজনীতিতে সন্ত্রাসী তৎপরতার যে চিত্র তুলে ধরা হচ্ছে সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পীরজাদা বলেন, ইসলাম কখনও সাম্প্রদায়িকতা বা সহিংসতাকে সমর্থন করেনা।

তিনি মদিনায় ধর্ম নিরপেক্ষ সমাজ গঠনে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, যদি ইসলামকে শক্তভাবে গ্রহণ করা হয় তাহলে কোন রাষ্ট্র, দল বা ব্যক্তি সহিংসতাকে সমর্থন করতে পারে না।

মোস্তফা আমীর ফয়সাল বলেন, ধর্মনিয়ে রাজনীতি বন্ধের জন্য সর্বসাধারনের মতামত নিয়ে তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

জাকের পার্টি চেয়ারম্যান সুশীল সমাজ, রাজনীতিবিদ ও ধর্মীয় বিশেষজ্ঞদের নিয়ে আলোচনার মাধ্যমে আহমদিয়া ইস্যুর সুষ্ঠু নিষ্পত্তির আহবান জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও তার দ্বিতীয় স্ত্রী বিদিশাকে নিয়ে সাম্প্রতিক আলাচনা সমালোচনা বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বিষয়টি একেবারেই পারিবারিক বলে উল্লেখ করেন। তবে এসময় তিনি এরশাদকে বয়সের কারণে মস্তিষ্ক বিকৃত একজন মানুষ হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি এম শফিকুল করিম এবং সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন বাদশাহ উপস্থিত ছিলেন।