নরসিংদী উপনির্বাচন : বিদ্রোহীদের সাথে বিএনপি হাই কমাণ্ডের সমঝোতা প্রয়াস ব্যর্থ
নরসিংদী-১ উপনির্বাচনে ক্ষমতাসীন বিএনপি’র মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে দলের উচ্চ পর্যায়ের সমঝোতা প্রয়াস ব্যর্থ হয়েছে।
রোববার রাতে বিদ্রোহীদের সঙ্গে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া দু’ঘন্টাব্যাপী সমঝোতা বৈঠক করেন। কিন্তু বিদ্রোহী প্রার্থীদের অনমনীয় মনোভাবের কারণে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই এ বৈঠক শেষ হয়।
মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনকে চ্যালেঞ্জ করে দলীয় সিদ্ধান্তের বাইরে বিএনপি’র ৫ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলে দলের মধ্যে সংকট সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে বিএনপি হাই কমাণ্ড বিদ্রোহীদের সমঝোতার উদ্দেশ্যে ঢাকায় ডেকে আনেন।
আব্দুল মান্নান ভুঁইয়ার মিন্টো রোডের বাসভবনে রাত সাড়ে ৮ টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বিদ্রোহী প্রার্থী মিয়া মোহাম্মদ সেলিম বিডিনিউজকে বলেন, আমরা মহাসচিবকে অনুরোধ করেছি খোকনের প্রার্থীতা প্রত্যাহারের। অন্যথায় নরসিংদীর জনগণ তা প্রতিহত করবে।
অন্যদিকে সভা সূত্র জানায়, মান্নান ভুঁইয়া দলের বৃহত্তর স্বার্থে বিএনপির দেওয়া মনোনয়ন মেনে নেওয়ার জন্যে বিদ্রোহী প্রার্থীদের অনুরোধ জানান।
বিদ্রোহী প্রার্থীরা এরপরেও খোকনের মনোনয়নের প্রতিবাদে নরসিংদী শহরে সোমবার ঝাড়ু মিছিল বের করবে।
