২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপনির্বাচনে খোকন প্রার্থী: জেলা জুড়ে বিএনপির তাণ্ডব, খোকন লাঞ্ছিত

জাতীয় সংসদের নরসিংদী-১ উপনির্বাচনে বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে চারদলীয় জোটের প্রার্থী করায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা শুক্রবার বিকেলে জেলা শহরসহ বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। একই সঙ্গে তারা খোকনকে লাঞ্ছিত এবং তার গাড়ি ভাংচুর করে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

প্রত্যক্ষদর্শি ও দলীয় সূত্র জানায়, এছাড়া বিক্ষুব্ধরা বিভিন্ন স্থানে কমপক্ষে অর্ধশত যানবাহন, দুই শতাধিক দোকানপাট ও রেল স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। ভাঙচুরের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেল এবং ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-নরসিংদীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবারের মধ্যে খোকনের প্রার্থীতা প্রত্যাহার করে না নিলে জেলায় অনির্দিষ্টকালের জন্য হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপি নেতা খোকনকে নরসংদীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

জানা যায়, বিকাল চারটায় বিটিভিতে খায়রুল কবীর খোকনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরই বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে শহরের বিভিন্ন প্রান্তে অবস্থান নেয়। মুহূর্তের মধ্যেই বিভিন্ন চর এলাকা থেকে নৌকা করে শত শত মানুষ শহরে চলে আসে।

সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এছাকের পুত্র ও শহর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা বিএনপির সহ-সভাপতি মেসবাহউদ্দিন ভূঁইয়া ইরান, যুগ্ম-সম্পাদক বিজি রশীদ এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মিয়া মো. সেলিম এ বিক্ষুব্ধ কর্মীদের নেতৃত্ব দেন। এরা সকলেই ওই উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।

তারা খায়রুল কবীর খোকনকে বহিরাগত হিসেবে উল্লেখ করে বিভিন্ন শ্লোগান দেন। একই সঙ্গে তারা স্থানীয় যে কোনো নেতাকে এখানে প্রার্থী করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ ওই চার নেতা শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিজেদের মনোনয়নপত্র জমা দেবেন। শুক্রবার রাতে বিএনপি কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন না হলেও ওই চার নেতার মধ্য থেকে একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মাধবদী, পাঁচদোনা এবং শাহেপ্রতাপ এলাকায় বিক্ষুব্ধ কর্মীরা এ সময় সড়ক বন্ধ করে দেয়। তারা এসব এলাকায় কমপক্ষে ৫০টি বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এক পর্যায়ে তারা নরসিংদী রেল স্টেশনে ভাংচুর করে এবং একটি প্যানেল বোর্ড তছনছ করে। তারা সেখানে রেল লাইনে আগুন লাগিয়ে দেয়। এতে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল এবং ঢাকার সাথে সিলেট, কিশোরগঞ্জ ও নরসিংদীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ সময় তারা রেল স্টেশনের কাছে সদর রোড, সদর বাসস্ট্যাণ্ড, আরশি নগর এবং বাজির মোড় এলাকায় দুশতাধিক দোকান ভাংচুর ও এতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।

খায়রুল কবির খোকন মনোনয়ন পাওয়ার খবর নিয়ে নরসিংদী যাওয়ার পথে শাহেপ্রতাপ এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের উদ্দেশে হাত তুলে অভিনন্দন জানানোর সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার গাড়ি ভাংচুর করে। এ সময় তারা তাকে লাঞ্ছিত করে। এতে তিনি মাথা ও মুখে প্রচণ্ড ব্যথা পান।

ডাকসুর সাবেক জিএস ও চারদলীয় জোটের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের বাড়ি একই জেলার বেলাবো উপজেলার হাড়িসাঙ্গাইন গ্রামে। তবে দলের পক্ষ থেকে তাকে সদর উপজেলার ওই আসনে মনোনয়ন দেওয়া হয়।