চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা
চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্র জানায়, বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে দেওয়া এক পত্রে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত নতুন অস্থায়ী কমিটির আহ্বায়ক, জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, এটি কেন্দ্রীয় সিদ্ধান্তেই করা হয়েছে। তিনি বলেন, চার সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে আরও সদস্য নেওয়া হবে কি না, তা কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়।
উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার এবং বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের একটি ঘনিষ্ট সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং গোলাম দস্তগীর চৌধুরী। ১৯৯৭ সালে প্রায় দেড়শ সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল।
সূত্র জানায়, ঘোষিত নতুন কমিটির আহ্বায়ক হিসেবে হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ছাড়াও অন্য যে তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তারা হচ্ছেন, পররাষ্ট্র মন্ত্রী এম. মোর্শেদ খান, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ও সাবেক বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।
৯ মে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ভরাডুবি ও দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।
