২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলায় স্বরাষ্ট্রসচিব ও আইজিপিসহ ৮ জনের বিরুদ্ধে রুলনিশি

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচ হত্যা মামলার চার আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন না মঞ্জুরের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে হাইকোর্ট আট জনের বিরুদ্ধে রুলনিশি জারি করেছেন। তাদের ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্যে নোটিশ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রিট আবেদন (নং ৩২০১/২০০৫) দায়ের করলে এই আদেশ দেওয়া হয়। যে আট জনের বিরুদ্ধে রুলনিশি জারি করা হয়েছে তারা হলেন-স্বরাষ্ট্র সচিব, আইজিপি (কারগার), আইজিপি, পুলিশের ডিআইজি (সিআইডি), হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট, এডিশনাল ডেপুটি কমিশনার (ডিটেকটিভ), হবিগঞ্জ পুলিশ সুপার ও জেলার।

হবিগঞ্জ কগনিজেন্স-১ আদালতে ১৫ মে কিবরিয়াসহ পাঁচ হত্যা মামলার চার্জশিটভুক্ত চার আসামী জমির আলী, তাজুল ইসলাম, জয়নাল আবেদিন মমিন ও শাহেদ আলীর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট তাদের আবেদন না মঞ্জুর করেন।

আসামী পক্ষের আইনজীবী এড. আফরাজ আফগান চৌধুরী আবেদনে বলেন, ওই চার আসামীকে ৫৪ ধারা এবং কয়েকটি হত্যা মামলায় শোন এ্যারেস্ট ও পরে কিবরিয়াসহ পাঁচ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪৫ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে এবং হত্যার ভয় দেখিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।

আসামি জমির আলী, তাজুল ইসলাম ও জয়নাল আবেদিন মমিন ১১ মার্চ এবং শাহেদ আলী ১২ মার্চ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।