২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাড. বাচ্চু হত্যার প্রতিবাদে শনিবার সারাদেশে সকাল সন্ধ্যার হরতাল

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও জাসদের আহ্বানে শনিবার দেশব্যাপি সকাল সন্ধ্যার হরতাল পালিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ এ হরতাল আহ্বান করেছে।

তবে আওয়ামী লীগের সরকার বিরোধী আন্দোলনের অপর শরীক ১১ দল এ হরতালে তাদের সমর্থন দেয়নি।

পুলিশ জানায়, হরতাল মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে পুলিশ ও দাঙ্গা পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রায় ছয় হাজার সদস্য মোতায়েন থাকছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক বিবৃতিতে শনিবারের হরতাল সফল করতে পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, জোট সরকারের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে অ্যাডভোকেট বাচ্চুকে হত্যা করেছে।

১৭ মে ঢাকার তেজাগাঁয় অ্যাডভোকেট বাচ্চু হত্যার পরদিনই আওয়ামী লীগ ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল পালন করে। হরতালে পুলিশের লাঠিচার্জ ও বিচ্ছিন্ন ঘটনার জন্য শনিবারের হরতাল আহ্বান করা হয়।