২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের পুরষ্কৃত করেছেন: শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমি ইচ্ছে করলে বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের বিনা বিচারে হত্যা করতে পারতাম। কিন্তু আমি আইন ও সংবিধানের উপর শ্রদ্ধাশীল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনি বলেন, বর্তমান জোট সরকার আইন মানে না। সংবিধান মানে না। তারা একের পর এক বিনা বিচারে মানুষ হত্যা করছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের করেছেন পুরষ্কৃত।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সন্ত্রাস, হত্যা, দুর্নীতি, শোষন আর অত্যাচারই হচ্ছে বিএনপি জামাত জোটের নীতি। এ অত্যাচারি সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, দেশে এখন চলছে দুর্নীতি আর সন্ত্রাসের মহোৎসব। এ অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে হবে।

চট্টগ্রাম ও কক্সবাজার সফরের চতুর্থ দিন বুধবার কক্সবাজারের সমুদ্রবেষ্টিত দ্বীপ মহেশখালী, পাহাড়ঘেরা রামু ও সীমান্তবর্তী উপজেলা উখিয়ায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, মানুষ যেন তাদের দেয়া ভোটের রায় পায়, কেউ যেন আর ভোট চুরি ও রায় বদলাতে না পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে গড়ে উঠা আন্দোলনকে এগিয়ে নিতে হবে। দেশের সকল নাগরিককে ভোটচোরদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা উপকূলীয় অঞ্চলে আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, মহেশখালী-কুতুবদিয়া উপকূল রক্ষায় আমরাই বনাঞ্চল সৃষ্টি করেছিলাম। হেলিকপ্টার দিয়ে বীজ ছিটিয়ে উপকূলীয় চারা সৃষ্টি, আর সেই চারা থেকেই প্যারাবন করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের নেতাকর্মীরা উপকূলীয় বনাঞ্চল ধ্বংস করে দখল বানিজ্যে মেতে উঠেছে। কক্সবাজারে বিএনপি ভূমিদস্যুর ভূমিকা গ্রহন করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চিংড়ি চাষী ও লবন চাষীদের নিয়ে তাদের স্বার্থ রক্ষায় সম্মেলন করেছিলাম। তাদের জন্যে ঋণের ব্যবস্থা করেছিলাম। বর্তমান সরকার চাষীদের সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। প্রান্তিক চাষীদের মধ্যে এখন চলছে হাহাকার।

জনগণের কল্যানের জন্য আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগকে বিজয়ী করতে আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম (দ:) জেলা সভাপতি আকতারুজ্জামান বাবু, কক্সবাজার জেলা কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ প্রমুখ।

উখিয়ার জনসভায় বিশিষ্ট ব্যবসায়ী এজাহার কোম্পানি আওয়ামী লীগে যোগদান করেন।