২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলকে বাজেট অধিবেশনে ফিরে আসার আহ্বান জানিয়ে সংসদ সমাপ্ত

জাতীয় সংসদের অত্যন্ত সংক্ষিপ্ত মেয়াদী ১৬তম অধিবেশন মঙ্গলবার শেষ হয়েছে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে মাত্র চারদিন স্থায়ী এ অধিবেশন শেষ হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 10:35 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

চতুর্থ কর্মদিবসের শেষ দিনের কার্যক্রম শেষে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের নির্দেশ পাঠ করে শোনান।

স্পিকার তার সমাপনী বক্তব্যে প্রধান বিরোধী দলকে আগামী মাসের বাজেট অধিবেশনে সকল মান-অভিমান ও উষ্মা পরিহার করে সংসদে ফিরে আসার আহ্বান জানান।

সংসদের এ অধিবেশনে মাত্র একটি বিল পাস করা হয়েছে। বিলটি হচ্ছে : কপিরাইট (সংশোধনী) বিল, ২০০৫।

এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রীরা বিভিন্ন সংসদ সদস্যের ১০৫টি প্রশ্নের মৌখিক ও ২৪টি লিখিত উত্তর দেন।

অধিবেশনে সম্প্রতি সুপ্রীম কোর্টে একজন বিচারপতিকে নিয়োগ নিয়ে সৃষ্ট আন্দোলন বিষয়ে উত্তপ্ত আলোচনা হয়। বিএনপির কয়েকজন সদস্যের উত্থাপিত প্রসঙ্গটি নিয়ে স্পিকার জমিরউদ্দিন সরকার রুলিং ও আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বিবৃতি দেন। এছাড়াও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের আশ্রয় গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা রোধে কয়েক জন সদস্য স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।

অধিবেশনের সমাপনী দিবসে সরকারি দলের পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া এবং বিরোধী দলের পক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম সমাপনী বক্তব্য রাখেন।

আব্দুল মান্নান ভূঁইয়া তার বক্তব্যে আগামী মাসের বাজেট অধিবেশনে বিরোধী দলকে অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বিরোধী দলের সংসদ বর্জনের তীব্র সমালোচনা করে বলেন, বিরোধী দল কথা বলতে না দেওয়ায় সংসদ বর্জন করেনি। তারা সংসদকে অকার্যকর করতেই সংসদ বর্জন করছে।

তিনি অ্যাডভোকেট খোরশেদ আলম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধী দলের আহুত হরতালের সমালোচনা করে বলেন, বিরোধী দল কোনও হত্যাকাণ্ডের বিচার চায়না, তারা হরতাল করার ইস্যু চায়।

তিনি জনগণের দুর্ভোগ লাঘবের জন্য হরতাল প্রত্যাহার করতেও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।