লোহাগড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রামের লোহাগড়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পথসভাকে কেন্দ্র করে দলীয় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালের ওই ঘটনার পর দুপুরে তুমুল উত্তেজনার মধ্যেই শেখ হাসিনা সেখানে পথসভা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহাগড়ার পথসভাটি ছিল অনির্ধারিত। সকাল ১১টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা জাফর আহমেদ চৌধুরী ও আখতারুজ্জামন চৌধুরী বাবু গ্রুপের মধ্যে ওই পথসভার স্থান দখল নিয়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে দু’গ্রুপ লাঠিসোটা, ইট-পাটকেল ব্যবহার করে। সেখানে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলা ১টার দিকে শেখ হাসিনা সেখানে পথসভা করেন। সভা চলার সময়ও ওই দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
