২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা দুদিনের সাংগঠনিক সফরে ১৭ মে কক্সবাজার আসছেন

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দু’দিনের সাংগঠনিক সফরে ১৭ মে কক্সবাজার আসছেন। তাঁর আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সূত্র জানায়, সফরের প্রথম দিন বিকালে কক্সবাজার শহরে জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম মেজাম্মেল হক স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিনে উখিয়া ও টেকনাফ উপজেলায় পৃথক জনসভায় তিনি ভাষন দেবেন। উখিয়া-টেকনাফ যাওয়ার পথে তিনি রামু উপজেলায় একটি পথসভায় বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দ্বীপ উপজেলা মহেশখালীতেও একটি জনসভায় অংশগ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র আরও জানায়, বিরোধী দলীয় নেত্রীর সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী থাকবেন।

এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর কক্সবাজার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো শুক্রবার থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে। শনিবার জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক পর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি বিরোধী দলীয় নেত্রীর আগমন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেছে বলে জানা যায়।