২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সভায় গণতান্ত্রিক শক্তির ঐক্যের আহ্বান

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জোট সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছে, জোট শাসনের বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন কী ফল বয়ে আনতে পারে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির বিজয় তার বড় প্রমাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির পলিট ব্যুরোর সভায় এ মত ব্যক্ত করা হয়। এতে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, হায়দার আকবর খান রনো, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, ফজলে হোসেন বাদশা প্রমুখ।

এতে যুগপৎ আন্দোলনের ঐক্যকে সংহত করার আহ্বান জানিয়ে বলা হয়, জোট শাসন অবসানের জন্যে জনগণ প্রস্তুত। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারলে গণজাগরণ সৃষ্টি হবে। ইস্যুর ভিত্তিতে আন্দোলন গড়ে তুললে মৌলবাদী সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিকে পরাজিত করা সম্ভব।

সভায় র‌্যাবের ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যকাণ্ড বন্ধ এবং চুয়াডাঙ্গা শাখার সাবেক সম্পাদক শ্যামল সরকারের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর রোববারের বিজয় মিছিলে ওয়ার্কার্স পার্টি যোগ দেবে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা এতে যোগ দেবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।