আগামী সপ্তাহে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাচ্ছেন এজে মোহাম্মদ আলী
পরবর্তী এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে পাচ্ছেন বর্তমান অতিরিক্ত এটর্নি জেনারেল (এএজি) এজে মোহাম্মদ আলী। শুক্রবার সুপ্রিম কোর্ট সূত্র একথা জানায়।
এ ব্যাপারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
আগামী সপ্তাহের যেকোনও সময়ে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ নতুন এটর্নি জেনারেল হিসেবে এজে মোহাম্মদ আলীকে নিয়োগ দিতে পারেন।
বর্তমান এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ বৃহস্পতিবার পদত্যাগ করেন। তার এ পদত্যাগ ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।
সম্ভাব্য এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী দেশের প্রথম এটর্নি জেনারেল এমএইচ খন্দকারের পুত্র। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন।
তিনি রিট ও দেওয়ানী বিষয়ে বিশেষ করে আইনের সাংবিধানিক বিষয়ে পারদর্শী। এছাড়া মামলা পরিকল্পনা করে তাকে সঠিক পরিনতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতার ছাপ রয়েছে।
সূত্র জানায়, পছন্দমত কাজ না করায় সরকারের একাংশ পদত্যাগ করার জন্য এটর্নি জেনারেল এএফ হাসান আরিফের ওপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছিল।
কয়েকটি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত থেকে হাসান আরিফ দেশের মানবাধিকার বিষয়ে কাজ করছেন। এগুলো সরকারের বিরুদ্ধে যেতে পারে এমন আশংকায় সরকারের ওই অংশ এটর্নি জেনারেল হিসেবে তাকে চাচ্ছিল না বলে অভিযোগ রয়েছে।
বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ৪৯৩ জন দ্বৈত ভোটার সম্পর্কে তদন্ত করেন। কিন্তু কাউন্সিলের কার্যক্রমে তিনি কোনও ত্র“টি দেখতে পাননি।
রাজনৈতিক কারণে সরকার সমর্থক আইনজীবীরা চাচ্ছিল বার কাউন্সিলের ত্র“টি খুঁজে বের করতে। এ কারণে এএফ হাসান আরিফ সরকার সমর্থক আইনজীবীদের ভাল চোখে দেখেননি।
সরকারের একজন প্রতিমন্ত্রী, এক বিএনপি নেতা এবং কিছু আইন কর্মকর্তা এএফ হাসান আরিফের সাম্প্রতিক কর্মকান্ডে তার প্রতি নাখোশ ছিলেন।
সম্প্রতি সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ এক বৈঠকে তারা হাসান আরিফকে পদত্যাগ করার জন্য সরাসরি অথবা পরোক্ষভাবে চাপ দেন।
এরপর হাসান আরিফ গত বুধবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।
সূত্র জানায়, স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চান বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।
পদত্যাগ কার্যকর হওয়ার পর এএফ হাসান আরিফ স্বাধীনভাবে আইন চর্চা চালিয়ে যাবেন।
