২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলাম প্রতিষ্ঠা নয়, আওয়ামী লীগকে প্রতিহত করতেই চার দলীয় ঐক্যজোট গঠিত হয়েছিল: নিজামী

শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী আওয়ামী লীগকে ইসলামবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেছেন যে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নয়, বরং আওয়ামী যাতে ক্ষমতায় যেতে না পারে সে জন্যই চার দলীয় ঐক্যজোট গঠিত হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

পল্টন ময়দানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চলের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষণে শুক্রবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চার দলীয় ঐক্যজোটে যোগ দেওয়ার সময় আমরা কখনোই বলিনি যে ক্ষমতায় গিয়ে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করবো। যেহেতু অতীতে আওয়ামী লীগের দু’ দুটি শাসনকালে তাদেরকে ইসলামবিরোধী ভূমিকাতেই দেখা গেছে, তাই তারা যাতে ক্ষমতায় যেতে না পারে সেটা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য।

শিল্পমন্ত্রী বলেন, ভবিষ্যতে আবার ক্ষমতায় গেলেও তারা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে পারে।

যে কারণে চারদলীয় জোট গঠন করা হয়েছিল ’তা এখনও বিদ্যমান’ বলে তিনি জোট ভাঙ্গার কোনও রকম সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন।

আওয়ামী লীগ জোটে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে বলে তিনি তার দলের কর্মী ও জোটের শরিক অন্যান্য দলকে সতর্ক করে দেন। তিনি বলেন, জোটের শরিকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে জোট ভাঙ্গতে ও জামায়াতকে নি:সঙ্গ করতে আওয়ামী লীগ প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে।

মাওলানা নিজামী আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলনরত আন্তর্জাতিক খতমে নবুয়তের সাথে জামায়াতের কোনও রকম সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন।

তিনি বলেন, খতমে নবুয়ত আন্দোলনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিঃসন্দেহে দেশের ও ইসলামের ভাবমূর্তি ক্ষুণœ  করছে।

তিনি বলেন, যারা লাঠি নিয়ে ‘কাদিয়ানি’ (আহমদিয়া) কমপ্লেক্স দখল করতে গিয়েছিল তাদের সাথে ইসলামের কোনও সম্পর্ক নেই। কেননা ইসলাম সংখ্যালঘু ও প্রতিপক্ষের বিরুদ্ধে এ ধরনের আচরণকে সমর্থন করে না।

পল্টন ময়দানে জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সভা আহ্বান নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে বলে ঐক্যজোট প্রধানের বক্তব্য অর্বাচীন ও হঠকারিতা মাত্র, যা মুসলিম উম্মাহর কোনও কল্যাণ বয়ে আনবে না।   

মাওলানা রফিউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় জামায়াত নেতা কামারুজ্জামান, মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী এমপি, আব্দুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তৃতা করেন। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মেজর (অব:) কামরুল ইসলাম এমপিও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।